জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় কঠোর অবস্থানের কথা জানালেন কেসিসি প্রশাসক

খুলনার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কেসিসি প্রশাসক।
বুধবার দুপুরে নগরের শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, বুধবার ভোর সোয়া চারটার দিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, জুলাই স্মৃতিস্তম্ভ তাঁদের গর্বের প্রতীক। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে গত ১৪ জুলাই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়। এটি পুড়িয়ে অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রত্যেককে আইনের আওতায় আনার প্রত্যাশা করেন তিনি।
এর আগে বুধবার ভোরে শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবককে আটক করা হয়। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁকে তল্লাশি করে বোতলভর্তি পেট্রল ও পটকাজাতীয় কিছু বস্তু উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার মূল হোতাদের সামনে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













