২০২৭ সালে স্কুলে ভর্তিতে যেসব শিক্ষার্থী পাবেন বিশেষ সুবিধ

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সহোদর ভাইবোন ও যমজদের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, একই শিক্ষাপ্রতিষ্ঠানে আগে থেকে কোনো শিক্ষার্থীর সহোদর ভাই বা বোন পড়াশোনা করলে নতুন আবেদনকারীর জন্য ৩ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। আর যমজ ভাইবোনের ক্ষেত্রে সংরক্ষিত থাকবে ২ শতাংশ আসন।
বুধবার ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
নীতিমালায় বলা হয়েছে, সহোদর ও যমজ ভাইবোনের জন্য নির্ধারিত এ সুবিধা সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের সংশ্লিষ্ট সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে।
আরও যেসব কোটায় আসন সংরক্ষণ
নতুন নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় থাকা শিশুদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। ভর্তির সময় মূল কাগজপত্র দেখাতে হবে এবং সনদ যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্যও বিশেষ কোটা রাখা হয়েছে।
বদলির কারণে ভর্তিতে অতিরিক্ত আসন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির কারণে সন্তানদের নতুন কর্মস্থলের কাছাকাছি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা রাখা হয়েছে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে প্রতি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা রয়েছে।
নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে ওই আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে পূরণ করতে হবে। শুধু কোটার জন্য কোনো আসন খালি রাখা যাবে না।
আবেদন ফরমের দাম সর্বোচ্চ ২৫০ টাকা
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণির ক্ষেত্রে ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা। দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যেসব শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে, সেসব শ্রেণির আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ফরম বিতরণ ও জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে হবে এবং এ জন্য কমপক্ষে সাত কর্মদিবস সময় দিতে হবে।
ঢাকায় ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা
নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার, জেলা শহরে দুই হাজার এবং উপজেলা পর্যায়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি ও অন্যান্য ফি আদায়ের বিষয়ে পৃথক নির্দেশনা রয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত শূন্য আসনের বাইরে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













