রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি

নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখা হচ্ছে।
ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে এ তৎপরতা অব্যাহত থাকবে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













