ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশের ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১৮:১৮
অ- অ+

মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পারেছা খাতুন।

অভিযোগ অনুযায়ী, সোমবার বিকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুঠোফোনে পারেছা খাতুনকে জানান, তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে তার মুঠোফোনে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর জানতে চান ওই ব্যক্তি। সরল বিশ্বাসে ওটিপি নম্বরটি দিয়ে দেন পারেছা। এরপর তার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় ১২ হাজার ৮৯৯ টাকা সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গাংনী থানায় অভিযোগ করেন পারেছা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ব্যবহৃত ০১৭২৯১৮৯৩৯২ নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা নেওয়া হয়েছে।

পারেছা খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী শাহিনও প্রতিবন্ধী। তাদের দুই সন্তান পারভেজ ও হামিম জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। পরিবারের অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়ভাবে পরিবারটি ‘প্রতিবন্ধী সংসার’ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পারেছার সঙ্গে শাহিনের বিয়ে হয়। অভাবের সংসারে শাহিন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। তার সামান্য আয়েই চলে পরিবারের খরচ। দৃষ্টিশক্তি না থাকলেও পারেছা নিজ হাতে রান্না করা, ঘর গোছানো ও সন্তানদের দেখাশোনাসহ সংসারের নানা কাজ করেন। পাশাপাশি ছাগল ও হাঁস-মুরগি পালন করে বাড়তি আয়ের চেষ্টা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পারেছা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামগতিতে টিউবওয়েল থেকে বিনা চাপেই উঠছে পানি, জ্বলছে আগুন!
বিকল্প ব্যবস্থা না করে মিরপুরে হকার উচ্ছেদ বন্ধের আহ্বান সাইফুল হকের
প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: মীর শাহে আলম
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন