বিকল্প ব্যবস্থা না করে মিরপুরে হকার উচ্ছেদ বন্ধের আহ্বান সাইফুল হকের

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদের অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, পূর্ণাঙ্গ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে পরিকল্পিতভাবে হকারদের বসার সুযোগ দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সাইফুল হক।
সাইফুল হক বলেন, জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উচ্ছেদের নামে হাজার হাজার পরিবারের জীবিকার ওপর সরাসরি আঘাত করা হয়েছে। এতে পরিবারগুলো চরম অসহায় ও বিপর্যস্ত অবস্থায় পড়েছে। অনেক পরিবার অনাহার ও মানবেতর জীবনযাপনের ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। হকারদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তত সাময়িকভাবে তাঁদের জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে।
সাইফুল হক আরও বলেন, হকারদের উচ্ছেদ করে সমস্যার সমাধান হবে না। তাঁদের জীবিকা ও পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে মানবিক ও বাস্তবসম্মত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, হকারসহ শ্রমজীবী ও মেহনতি মানুষ মহানগরের গুরুত্বপূর্ণ অংশ। তাই নগর পরিকল্পনায় তাঁদের জীবন ও জীবিকার নিশ্চয়তা থাকতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক নেতা হযরত আলী, বাংলাদেশ হকার্স ইউনিয়নের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন এবং সংগঠনের নেতা মোক্তার হোসেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ হান্নান মজুমদার ও মো. ইসলাম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













