রাজধানীতে ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে: নাসির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।
নাসির উদ্দীন নাসির বলেন, সাদিক কায়েম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আহ্বানে সাড়া দিয়ে পরিবারকে সময় দিচ্ছেন বলে ফেসবুকে পোস্ট করেছেন। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে বলে তাদের আশঙ্কা।
ছাত্রদলের এই নেতা বলেন, অতীতে ছাত্রলীগের সঙ্গে সাদিক কায়েমের সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমনে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে।
নাসির উদ্দীন নাসির আরও বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্যকে কাজে লাগিয়ে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে তিনি মনে করেন।
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ধর্মঘট পালনের আহ্বান প্রসঙ্গে নাসির বলেন, দেশে অল্প কয়েকজন ওই আহ্বানে সাড়া দিয়েছেন। তাদের মধ্যে শিবিরের কয়েকজন রয়েছেন বলে দাবি করেন তিনি। তবে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে সাড়া দেননি।
দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে ছাত্রদল শিক্ষার্থীদের পাশে রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













