পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৩১
অ- অ+

পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর এবং ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

চাঁদাবাজি বন্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের উৎস ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া চাঁদাবাজি প্রতিরোধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি শনাক্ত করছে। পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোন ইউপিতে কবে ভোট, সিদ্ধান্ত ১৬ নভেম্বর
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
তেজগাঁও বিভাগে এক দিনে ৮০ আসামি গ্রেপ্তার
অপরাধ দমনে সাফল্য, ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি