কোন ইউপিতে কবে ভোট, সিদ্ধান্ত ১৬ নভেম্বর

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে ভোট হবে, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রয়েছে। এগুলো হলো পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।
ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের চিন্তা করছে কমিশন। সে অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। এ ক্ষেত্রে উপজেলা সদর ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, সে বিষয়ে ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












