ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ২০:১৫
অ- অ+

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাবে বিদেশি কোনো সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। যারা এটা বলছেন, ঠাকুর ঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।’

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন তিনি। তবে এ বিষয়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান জানতে চান, তিনি কোন দলের কথা বলেছেন। বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে যদি এমন অভিযোগ করা হয়ে থাকে, তাহলে তারা এর প্রমাণ চেয়েছেন।

শফিকুর রহমান বলেন, ‘এই সাড়ে ৩০০ সদস্যের হাউসে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস আমাদের নেই।’

তিনি বলেন, তারা কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করবেন কেন? তারা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসতে পারেন, কিন্তু কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই আসে না।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, তাদের বিরুদ্ধে যারা অভিযোগ করছেন, তাদেরই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠকের তথ্য রয়েছে। এমনকি এজেন্সির দেশে গিয়ে তাদের সামনে দুঃখ প্রকাশ এবং দলের অতীতের নীতিকে ভুল বলার মতো বক্তব্যও প্রকাশ্যে এসেছে বলে দাবি করেন তিনি।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন, গত ১২ আগস্টের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা তিনি বলেননি। ওই দিনের ২২ মিনিটের বক্তব্যে আওয়ামী লীগের নামও নেননি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বক্তব্যের ভিডিও রয়েছে এবং যে কেউ তা যাচাই করতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উল্লেখ করা ব্যক্তিকে নিয়েও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, একজন ব্যক্তি দিনরাত তাদের নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। সেই ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে তাদের বিদেশি কোনো সংস্থার সঙ্গে বৈঠকের ইঙ্গিত দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয়।

বক্তব্যের শেষ দিকে শফিকুর রহমান বলেন, যারা এ ধরনের অভিযোগ করছেন, তাদের নিজেদের অবস্থান আয়নায় দেখে নেওয়া উচিত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক
ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী
ঝিনাইদহে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক