৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ
দেশজুড়ে নাশকতা ঠেকাতে ব্যর্থ সরকার: গোলাম পরওয়ার

দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সরকারের নিষ্ক্রিয়তা ও একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় বিএনপি সরকার এড়াতে পারে না।
মঙ্গলবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক ও সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসসহ গণপরিবহনে অগ্নিসংযোগ করে জননিরাপত্তা বিঘ্নিত করছে। এসব ঘটনা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া গণপরিবহন ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। এতগুলো ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকর পদক্ষেপ না নেওয়া উদ্বেগজনক।
বিবৃতিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন তিনি। ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
গোলাম পরওয়ারের অভিযোগ, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কার না করায় ফ্যাসিস্ট শক্তিগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে সরকারকে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করা হচ্ছে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে।
সরকার নিজেদের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকটের দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তাঁর ভাষ্য, অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা সফল হবে না।
বিবৃতিতে অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। অন্যথায় এসব ঘটনার ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনার দাবিও জানান তিনি। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান গোলাম পরওয়ার। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











