আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করবে: মঞ্জু

বোমাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের চেষ্টা হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতা রাজনৈতিকভাবে কোনো অর্জন বয়ে আনবে না।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের সময়সীমা দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব?
তিনি বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়। বরং নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণ বয়ে আনে না।
মঞ্জু আরও বলেন, ‘আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না।’
তিনি বলেন, তাঁরা জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন করছেন। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।
বক্তব্যে জেন-জির ভূমিকার কথা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা তরুণেরাই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে দলটির প্রতি সহানুভূতিশীল ও আড়ালে থাকা সমর্থকেরাও বিপাকে পড়বেন।
মঞ্জু বলেন, আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাসের মাধ্যমে দেওয়া হবে না। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। তাঁর ভাষায়, ‘আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবার ঐক্যবদ্ধ করবে।’
সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল কি না, তা স্পষ্ট করতে হবে। এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।
তিনি আরও বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্ষম না হলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করবেন তাঁরা। প্রতিটি ঘটনার দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকে নিতে হবে।
সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।
এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












