মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; এর মধ্যে খুন হলো ১৩ বছরের বাক্‌প্রতিবন্ধী সন্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ০১:০২| আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:০৮
অ- অ+

মা স্ট্রোকের কারণে পক্ষাঘাতগ্রস্ত। অসুস্থ বাবা হাসপাতালে ভর্তি। পরিবারের এমন কঠিন পরিস্থিতির মধ্যেই নিখোঁজ হয় ১৩ বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী শিশুটি। সন্তানকে খুঁজে পেতে স্বজনেরা বিভিন্ন স্থানে ছোটাছুটি করেছেন। ছাপিয়েছেন পোস্টার, লাগিয়েছেন এলাকার দেয়ালে দেয়ালে। কিন্তু তিন দিন পর মিলল শিশুটির মরদেহ। রাজধানীর ডেমরার একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে তার অর্ধগলিত লাশ।

এ ঘটনায় আরিফ হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, যৌন নির্যাতনের সময় শিশুটি চিৎকার করায় তাকে শ্বাসরোধে হত্যা করেন আরিফ। পরে মরদেহ ঝোপের মধ্যে ফেলে রাখা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেমরার নড়াইবাগ এলাকার বোতল মার্কেটসংলগ্ন বালুর মাঠের পেছনের একটি ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুটির বড় ভাই বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ৮ নভেম্বর ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই আরিফকে সন্দেহ করছিলেন পরিবারের সদস্যরা।

মামলার এজাহারে বলা হয়েছে, এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আরিফ শিশুটিকে বোতল কারখানার পেছনের একটি ঝোপের দিকে নিয়ে যাচ্ছেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন ও মিথ্যা তথ্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে বালুর মাঠে কয়েকটি শিশু খেলছিল। এ সময় তাদের ফুটবল ঝোপের ভেতরে চলে যায়। বল আনতে গিয়ে তারা শিশুটির মরদেহ দেখতে পায়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান জানান, শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডির তদন্ত চলার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আরিফকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, যৌন নির্যাতনের সময় শিশুটি চিৎকার করলে আরিফ তার মুখ চেপে ধরেন। একপর্যায়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আরিফকে আদালতে হাজির করে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাঁর জবানবন্দি গ্রহণ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বারিধারায় কার সঙ্গে বৈঠক করেছিলেন? জামায়াত আমিরকে জুলকারনাইন সায়েরের প্রশ্ন
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সস্ত্রীক তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ধানমন্ডিতে আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই