শিরোনাম :

‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’, ফেসবুক পোস্টে এনসিপি নেত্রী মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৩
অ- অ+

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু মন্তব্য করেছেন, "শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না।" আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

একই পোস্টে তিনি এনসিপির আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের পর পুড়ে যাওয়া ঘরবাড়ির দুটি ছবি যুক্ত করেন। দলটির নেতাদের অভিযোগ অনুযায়ী, ওই বাড়িতে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে।

ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, "ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।"

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, "কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।" পোস্টের শেষাংশে তিনি লেখেন, "বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।"

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এনসিপি নেতাদের দাবি, ‘আওয়ামী সন্ত্রাসীরা’ বাড়িটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা 'জাতীয় নারী শক্তি'র প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির সাংসদ নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, উদ্বোধন ১৯ নভেম্বর
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় ধস
রিয়াদ ও দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী