২৮তম বিসিএস ফোরামের শোক
বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলামের অকাল মৃত্যু

বাংলাদেশ বেতারের বরিশাল কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম মারা গেছেন। গত ১১ নভেম্বর রাত ১টা ২০ মিনিটে মাদারীপুরে নিজ বাসভবনে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তিনি ২৮তম বিসিএস (তথ্য) ক্যাডারের একজন কর্মকর্তা।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ২৮তম বিসিএস ফোরাম।
বুধবার ফোরামের সভাপতি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, কর্মজীবনে শফিকুল ইসলাম নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা ও দক্ষ পেশাজীবীকে হারাল। তার এই অকালপ্রয়াণে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













