শিরোনাম :

এনসিপির সাংসদ নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১০:৩২
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এই আগুন লাগে। দলটির নেতাদের অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িটিতে পেট্রোলবোমা হামলা চালিয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একতলা টিনশেড বাড়িটির ৮টি কক্ষের মধ্যে ৫টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে দুটি ছাগল মারা গেছে এবং ঘরের আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, নুসরাত তাবাসসুমের মা–বাবা ওই বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। সৌভাগ্যবশত সেই ভবনে আগুন ছড়ায়নি এবং সংসদ সদস্যের পরিবারের কোনো সদস্য হতাহত বা দগ্ধ হননি।

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অগ্নিকাণ্ডকে পেট্রোলবোমা হামলা হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।" এদিকে এনসিপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়েছে, ‘আওয়ামী সন্ত্রাসীরা’ এই পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পৃথক এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোলবোমা হামলার বিষয়টি উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

বাড়িটিতে সত্যিই পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, "কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও পুলিশের দল কাজ করছে। পুরো বিষয়টি তদন্ত করে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, উদ্বোধন ১৯ নভেম্বর
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় ধস
রিয়াদ ও দাম্মাম রুটে ১৮৯ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলামের অকাল মৃত্যু