দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২২১৬ টাকা

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজুসের তথ্যমতে, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬৫ বার এবং কমানো হয়েছে ৭০ বার। এছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













