শিরোনাম :

এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৪:২৩
অ- অ+

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সারাদেশে ২০ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে এইচএসসির ফল প্রকাশের পর মাত্র ১০ দিনে আত্মহত্যা করেছেন ৯ জন। আর এসএসসির ফল প্রকাশের পর আত্মহত্যা করেছেন ১১ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আঁচল ফাউন্ডেশনের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন ইউনিটের সাদিয়া ইসলাম।

সংগঠনটির তথ্য অনুযায়ী, এইচএসসির ফল প্রকাশের পর আত্মহত্যা করা ৯ শিক্ষার্থীর মধ্যে পাঁচজন ছাত্রী ও চারজন ছাত্র। তাদের মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় পাঁচজন আত্মহত্যা করেছেন। এছাড়া লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, গাজীপুর ও বগুড়ায় একজন করে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আঁচল ফাউন্ডেশন জানায়, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল না পাওয়া, পরিবারের প্রত্যাশা, সামাজিক চাপ ও হতাশার মতো বিষয় উঠে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে এসব ঘটনা চিহ্নিত করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ফলাফলকে জীবনের সাফল্য কিংবা ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত নয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। বিশেষ করে যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে কিংবা প্রত্যাশিত ফল পায়নি, তাদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

এ ধরনের ঘটনা প্রতিরোধে সাত দফা সুপারিশ করেছে আঁচল ফাউন্ডেশন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা চালু, শিক্ষার্থীদের অপমান ও অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকা এবং বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করা।

এছাড়া শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিনা খরচে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হচ্ছে
লালবাগে ছাত্রলীগের সাবেক নেতা শিবলু গ্রেপ্তার
বাকস্বাধীনতার নামে ভাষাগত নৈরাজ্য
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার