নতুন পে স্কেলে যুক্ত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা

নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। গত ১ জুলাই থেকে তাদের জন্য নতুন বেতন স্কেল কার্যকর করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি দিয়েছে। তবে তাদের বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন বেতন স্কেলে নির্ধারণ করতে হবে।
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে এর অনুলিপি পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













