কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে অনুদান দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, আরও ঋণ নয়। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিত করতে হবে।”
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভাষণে তিনি জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাবও তুলে ধরেন।
পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতিতে বাংলাদেশের লক্ষ্য
তারেক রহমান বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হওয়া সত্ত্বেও দেশটি জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে। এই বাস্তবতা সত্ত্বেও ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী তার ভাষণে সরকারের গৃহীত বিভিন্ন পরিবেশবান্ধব পদক্ষেপ তুলে ধরেন:
• নবায়নযোগ্য জ্বালানি: ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে।
• সবুজ শিল্প ও পরিবহন: দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহন ও পাটজাত ব্যাগের প্রসারের পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
• বনায়ন ও নদী খনন: আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। এছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজ চলছে।
জলবায়ু অর্থায়নে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান জানান:
১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে এবং নির্গমন হ্রাসে সহায়তা অব্যাহত রাখতে হবে।
২. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
৩. উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে।
৪. সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করতে হবে।
৫. ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













