মোদীকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করেছে ভারত। বুধবার (১১ নভেম্বর) অসলো থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল তার। তবে বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ফোন করে তার ভিসা বাতিলের কথা জানানো হয়।
তেলেঙ্গানা সরকারের আয়োজনে ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠেয় ‘ভারত সামিটে’ অংশ নিতে ভারতে যাওয়ার কথা ছিল হেলে লিংয়ের। সম্মেলনে ‘গণমাধ্যমের ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনায়ও অংশ নেওয়ার কথা ছিল তার।
এ জন্য তার একবার প্রবেশের বৈধ ভিসাও ছিল। কিন্তু বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে ভারতীয় দূতাবাস থেকে ফোন করে জানানো হয়, তার ভিসা বাতিল করা হয়েছে। ফলে তিনি ভারতে যেতে পারবেন না। পরে ভিসা বাতিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়।
বৃহস্পতিবার সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’কে হেলে লিং বলেন, বিষয়টি তার কাছে বিস্ময়কর মনে হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সম্মেলনে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছিল। সেই ছাড়পত্রের ভিত্তিতেই তিনি ভিসা পেয়েছিলেন।
জানা গেছে, গত ৩ নভেম্বর ভারত সামিটে অংশ নিতে যাওয়া বিদেশি অতিথিদের নাম অনুমোদন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ওই ছাড়পত্রে উল্লেখ ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও প্রয়োজন।
সম্মেলনের অন্যতম আয়োজক পুষ্পরাজ দেশপান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেলে লিংয়ের অংশ নিতে না পারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমলে ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ চিত্র এটাই।
এর আগে চলতি বছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং। নরওয়ের রাজধানী অসলো সফরের সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন কি না, মোদীর কাছে তা জানতে চেয়েছিলেন তিনি। তবে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান ভারতীয় প্রধানমন্ত্রী।
মোদী ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের যৌথ বিবৃতি পাঠের পর হেলে লিং প্রশ্ন করেন, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে প্রধানমন্ত্রী কেন প্রশ্ন নিতে চান না।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমবিষয়ক সচিব সিবি জর্জকেও এ বিষয়ে প্রশ্ন করেন তিনি। ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং মোদীর সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন হেলে লিং। জবাবে সিবি জর্জ সরকারের কোভিড-১৯ মোকাবিলার উদ্যোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এদিকে বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন হেলে লিং। সেখানে শেষ মুহূর্তে তার ভিসা কেন বাতিল করা হলো, সেই প্রশ্ন তোলেন তিনি।
সূত্র: দ্য ওয়্যার
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













