মহেশখালীতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, ৫ কার্গো গ্যাস আমদানির অনুমোদন

দেশের গ্যাস সরবরাহ বাড়াতে কক্সবাজারের মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে মোট পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এলএনজি আমদানির পাশাপাশি তা সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়াতে মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করা হবে। সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)।
প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে এই টার্মিনাল নির্মাণে ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে প্রকল্পটির ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এই ভাসমান টার্মিনালের মাধ্যমে জাহাজে আনা এলএনজি সংরক্ষণ এবং পরবর্তীতে গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে জিটুজি ভিত্তিতে পাঁচ কার্গো এলএনজি কেনা হবে।
ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিন কার্গো এলএনজি আমদানি করা হবে। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের সুপারিশ করেছে কমিটি।
অন্যদিকে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম। তবে উভয় পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
জ্বালানি বিভাগ সংশ্লিষ্টরা জানান, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আমদানি ও টার্মিনাল সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেই এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












