গাজীপুরের সাবেক পুলিশ কমিশনারের বরখাস্ত প্রত্যাহারে পুলিশ সদর দপ্তরের সুপারিশ, আট মাসেও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৬:৩৯
অ- অ+

পুলিশ সদর দপ্তরের সুপারিশের পরও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মো. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আট মাস পেরিয়ে গেলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে নাজমুল করিম খানের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের সুপারিশ করা হয়। চিঠিতে বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কারণ সম্পর্কে পুলিশ সদর দপ্তরে কোনো নথিপত্র বা তথ্য নেই।

পুলিশ সদর দপ্তরের এমন সুপারিশে প্রশ্ন উঠেছে, কীসের ভিত্তিতে একজন কর্মরত ডিআইজিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছিল। পাশাপাশি বরখাস্ত প্রত্যাহারের সুপারিশ আট মাস ধরে উপেক্ষিত থাকায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

২০২৬ সালের ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পুলিশ সদর দপ্তর জানায়, নাজমুল করিম খানের বিরুদ্ধে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠিয়েছিলেন বলে উল্লেখ রয়েছে, সে-সংক্রান্ত কোনো নথি পুলিশ সদর দপ্তরে সংরক্ষিত নেই।

চিঠিতে আরও বলা হয়, তৎকালীন অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২০ অক্টোবর আইজিপি ডায়েরি নম্বর ৪৮৮-এর মাধ্যমে তৎকালীন আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছিলেন।

তবে ওই প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো নথিপত্র পুলিশ সদর দপ্তরে পাওয়া যায়নি।

চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট দুটি বিষয়ে উল্লেখ করা অভিযোগের কোনো তদন্তও করা হয়নি। কারণ, এসব অভিযোগের বিষয়ে পুলিশ সদর দপ্তরের কাছে কোনো তথ্য বা প্রমাণাদি ছিল না।

এ ছাড়া ডিআইজি নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্তের পেছনের কারণ বা পরিস্থিতি সম্পর্কেও অবহিত করা হয়নি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের নথিতেও কোনো তথ্য নেই।

এসব পরিস্থিতি বিবেচনায় নাজমুল করিম খানের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের সুপারিশ করে পুলিশ সদর দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ মার্চ ২০২৬ তারিখের একটি চিঠির জবাবে এ সুপারিশ পাঠানো হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর এক আদেশে নাজমুল করিম খানকে পরদিন সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেয়। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। ওই আদেশে স্বাক্ষর করেন তৎকালীন অতিরিক্ত ডিআইজি (সদর দপ্তর) মোহাম্মদ শরীফ উদ্দিন।

এরপর ২০২৫ সালের ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করে এবং তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে দূরে রাখা প্রয়োজন ও সমীচীন।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(১) ধারা প্রয়োগ করে তার সাময়িক বরখাস্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তির আদেশ দেওয়া হয়। বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ব্যক্তিগত চাকরির নথি অনুযায়ী, ২০২৪ সালের ১২ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজমুল করিম খান। ২০২৫ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।

ইউএনবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
রাজশাহীতে কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে
মোদীকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল
বাড়িতে হামলার আগে আওয়ামী লীগ নেতাদের হুমকি পেয়েছেন নুসরাত