সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে সরাসরি নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত। নারীরা এখন নিজেদের যোগ্যতা ও দক্ষতায় এগিয়ে যাচ্ছেন। তাই সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
বৃহস্পতিবার দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।
দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে স্পিকার বলেন, দেশের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায় সবচেয়ে বেশি। রাজনীতিবিদেরা নিজেদের সংশোধন করতে পারলে দেশের সামগ্রিক পরিস্থিতিরও পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন মানুষের পক্ষে দেশ কীভাবে ও কেন পরিচালিত হয়, তা বোঝা কঠিন। রাজনীতিবিদেরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
আত্মসমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতিবিদেরা অনেক সময় দলীয় রাজনীতির মাধ্যমে নিজেদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েই ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সমস্যাগুলো তাঁদের বিবেচনায় আসে না।
বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, দেশে এখন আর সেই প্রহসনের নির্বাচনের সংস্কৃতি নেই। এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।
নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে স্পিকার বলেন, দেশের নারীরা নিজেদের যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তাদের সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে আসার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
এ জন্য সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে সরাসরি নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













