বাড়িতে হামলার আগে আওয়ামী লীগ নেতাদের হুমকি পেয়েছেন নুসরাত

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের দিকে সন্দেহের তির ছুড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, হামলার আগে আওয়ামী লীগের নেতাদের ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনকে এ ঘটনার দায় স্বীকার করে উল্লাস করতেও দেখা গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।
তিনি বলেন, ‘আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।’
নুসরাতের ভাষ্য, ঘটনাটি দেখতে পেট্রল বোমা হামলার মতো। ব্যক্তিগতভাবে তিনি মনে করছেন, এর পেছনে আওয়ামী লীগ জড়িত। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সংবাদ সম্মেলনে নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাঁকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে ও পরেও আরও কয়েকটি হুমকি কল পান তিনি। গত মঙ্গলবার এ বিষয়ে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল, যা তাঁর কাছে হুমকি বলে মনে হয়েছে।
হামলার সময় সম্পর্কে নুসরাত বলেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।
নিজের বাড়ির ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে এই সংসদ সদস্য বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। পরিবারটি তাঁদের বাড়ি দেখাশোনা করত। বাড়িতে তাঁর গবাদিপশুর খামারও ছিল। আগুনে অনেক গবাদিপশু মারা গেছে। ওই পরিবারের একটি শিশুও আহত হয়েছে।
পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলেও অভিযোগ করেন নুসরাত। তিনি জানান, পুলিশকে খবর দেওয়ার পর রাত আনুমানিক একটার দিকে তারা ঘটনাস্থলে আসে। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে দেরি হয়। এতে বাড়ির প্রায় সবকিছু পুড়ে গেছে।
দ্রুত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুসরাত বলেন, সংসদ সদস্য কিংবা নীতিনির্ধারণী পর্যায়ে থাকলেও কারও নিরাপত্তা নিশ্চিত নয়। সাধারণ মানুষের মতো তাঁদের জীবনও অনিরাপদ। দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে নুসরাত বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্র কতটুকু দায়িত্ব নিতে পারে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়া উচিত।
স্থানীয় কোনো বিরোধ থেকে হামলা হয়ে থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, তিনি নিজের এলাকার মানুষকে সন্দেহ করছেন না। তাঁর ব্যক্তিগত ধারণা, এ ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে। তবে পুলিশকে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। ওই ঘটনায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












