এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৭:২৬
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানিয়েছেন, বাড়িটিতে আগুন লাগানো হয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। তবে প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ ঘটনার কথা জানান সংসদ সদস্য নুসরাত।

বৃহস্পতিবার সংসদে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ঘটনার পর কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ সেখানে কোনো ফরেনসিক দলও যায়নি।

সংসদে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার অভিযোগ ওঠার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলা যায় কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে কেউ বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা অন্য একটি বাড়িতে ছিলেন। আগুন লাগা বাড়িতে শুধু দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রাথমিক তদন্তে পেট্রল বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি পরিত্যক্ত ছিল এবং এর বৈদ্যুতিক ওয়্যারিং পুরোনো। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত চলছে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানকে যুক্ত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার