ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বিমানবন্দরটির অবস্থান, উড়োজাহাজ চলাচলের সক্ষমতা, অবতরণপথসহ বিভিন্ন কারিগরি ও অবকাঠামোগত বিষয় খতিয়ে দেখছেন পরামর্শকেরা। তবে ময়মনসিংহের আগে বগুড়ায় বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হবে। বগুড়া প্রকল্পের কাজ শুরুর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান।
মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরামর্শক নিয়োগের মাধ্যমে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বিমানবন্দরে কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণপথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে—এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি বড় ও জটিল পরিকল্পনা। এ নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।
বগুড়া বিমানবন্দর প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরে রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রকল্পটির কাজ অনেকটা এগিয়ে যাওয়ায় সেটি আগে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য পণ্য পরিবহনের কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ায় কাজ শুরুর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি ঢাকার উত্তরের বিস্তীর্ণ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। বিমানবন্দরকে ঘিরে কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নের সুযোগ তৈরি হবে।
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে এ খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হতে পারে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি। বিশেষ করে এ অঞ্চলে চিকিৎসকসংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ত্রিশালের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এ অঞ্চলকে কেন্দ্র করে পর্যটনশিল্পের বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ত্রিশালকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ছাড়া মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











