পেছাল কুবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়, শুরু ১০ ডিসেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবেদনের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায়, ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় এবং ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, “মূলত ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও যাতে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারে, সে জন্য আবেদনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই তারা আবেদন করতে পারবে। তবে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীর নির্ধারিত আবেদনযোগ্যতা না থাকলে তার আবেদন বাতিল করা হবে।”
(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













