হংকং থেকে মসলার আড়ালে দেশে এসেছিল সিসার চালান; বংশালে জব্দ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫
অ- অ+

হংকং থেকে মসলার আড়ালে দেশে আনা হয়েছিল ৩০ কেজি সিসা। রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে এই চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আমদানিকারক ও সরবরাহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসান (৪৬)। অভিযানে আল ফাখের (AL FAKHER) ব্র্যান্ডের ৩০ কেজি সিসা এবং সরবরাহ-সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য জানান।

এই কর্মকর্তার দেয়া তথ্য মতে, দীর্ঘ দুই মাস গোয়েন্দা নজরদারির পর সিসা আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে গোয়েন্দা কর্মকর্তারা ক্রেতা সেজে পাঁচ কেজি সিসার অর্ডার দেন। ওই অর্ডার দেওয়ার পর থেকে আমদানি ও সরবরাহ কার্যক্রমের ওপর নজরদারি চালানো হয়।

গত ১১ নভেম্বর রাতে ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে অবস্থিত ‘আস সুন্নাহ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে সোলায়মান আহমেদ শুভকে আটক করা হয়। পরে তার দেখানো মতে তিনটি কার্টন থেকে ৩০ কেজি আল ফাখের ব্র্যান্ডের সিসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব সিসা সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিসা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির প্রাথমিক তদন্তে জানা গেছে, মেহেদী তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে সিসা আমদানি করে শাকিলের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে এসব সিসা পৌঁছাত সোলায়মানের কাছে।

গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে সিসা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সোলায়মানের দাবি, সালমানসহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে সিসার ব্যবসা করে আসছেন। এ চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছেন। সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব সিসা আমদানি করা হয়েছে, তা খতিয়ে দেখছে ডিএনসি। আমদানির সময় কাস্টমসের শুল্ক ও ভ্যাট পরিশোধের প্রক্রিয়াও তদন্ত করা হচ্ছে। বৈধ আমদানি-সংক্রান্ত কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ পণ্য আমদানি করা হয়েছিল কি না, সেটিও অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বংশাল থানায় মামলা করা হয়েছে। মামলাটি ডিএনসির কর্মকর্তারা তদন্ত করছেন। চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরানে মধ্যরাতে ‘শত্রুপক্ষে’র হামলা
শেখ হাসিনার আলোচিত পিয়ন পানি জাহাঙ্গীরের ভাগ্নে শিপন গ্রেপ্তার