ইরানে মধ্যরাতে ‘শত্রুপক্ষে’র হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে খবর প্রকাশ করেছে। তবে এই শত্রুপক্ষ কারা এবং হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট করেনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলাটি সামরিক ধরনের ছিল। সেখানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন।
এদিকে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, গভীর রাতে হামলাটি হয়েছে। কোন লক্ষ্যবস্তুতে কারা এ হামলা চালিয়েছে এবং হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












