মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন। এ অর্থ বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
তবে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখনো এ বিষয়ে অর্থের চাহিদা জানায়নি। দুই অধিদপ্তরের চাহিদা পাওয়ার পর তা একত্র করে অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগে প্রস্তাব পাঠানো হবে।
বৃহস্পতিবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাহিদা পাওয়ার পর দুই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের হিসাব একত্র করা হবে।
এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের প্রয়োজনীয় অর্থের হিসাব একত্র করে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।
এদিকে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে পৃথক আদেশ জারির জন্য অর্থ বিভাগে আবারও চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত সোমবার পাঠানো ওই চিঠিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে পৃথক আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
ওই চিঠিতে বলা হয়েছিল, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে।
সব মিলিয়ে স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত অর্থের চাহিদা ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের চাকরির সুযোগ-সুবিধা, কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে। নতুন বেতন স্কেল বাস্তবায়ন হলে তাঁদের আর্থিক সুবিধা ও পেশাগত মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থের চাহিদা একত্র করে অর্থ বিভাগে প্রস্তাব পাঠানোর পরই নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













