বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক পুলিশ, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি

ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের জেলাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ভাঙ্গা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, কেউ জনপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ করছে।
ডিআইজি বলেন, পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলা, তাদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি ভাঙ্গায় এসেছেন। আগামী দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, ফরিদপুরের কোটালীপাড়া থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











