আইনশৃঙ্খলা রক্ষায় খুলনা রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ১১ দিনে ৮৭৮ আসামি গ্রেপ্তার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা রেঞ্জের আওতাধীন ১০ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযানে গত ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১১ দিনে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত ৮৭৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা রেঞ্জ পুলিশ।
বৃহস্পতিবার খুলনা রেঞ্জের প্রেস ও মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলাভিত্তিক গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, গত ১১দিনে খুলনা জেলায় ১০২, বাগেরহাটে ৬২, সাতক্ষীরায় ৮৬, যশোরে ২১০, ঝিনাইদহে ১০১, মাগুরায় ৩৭, নড়াইলে ২৫, কুষ্টিয়ায় ১১৯, চুয়াডাঙ্গায় ৯৪ এবং মেহেরপুর জেলায় ৩২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, উসকানিদাতা ও সহযোগীদের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা রেঞ্জ পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১২নভেম্বর/এএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













