পাবলিক প্রকিউরমেন্ট বিল পর্যালোচনা করছে সংসদীয় কমিটি

পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের বিষয়ে আলোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিলটি পরীক্ষা-নিরীক্ষার পর সংসদে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন উপস্থিত না থাকায় সদস্যদের সমর্থনে বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম।
সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মো. শওকতুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর সংসদে প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেয় কমিটি।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











