ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে খান শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার ছেলে খান শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে টিপু ও তার ছেলে নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













