টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে ভালো মানের এই স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের দিন ১১ নভেম্বরও স্বর্ণের দাম কমানো হয়। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে ৬ নভেম্বরও একই মানের স্বর্ণের দাম কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা।
সব মিলিয়ে চার দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা। গত ৬ নভেম্বর ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থাকা স্বর্ণের দাম কমে এখন ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় দাঁড়িয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













