জুনিয়রকে দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ জ্যেষ্ঠ কূটনীতিক, নিউইয়র্ক ছাড়তে চান ওয়াহিদুজ্জামান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:১৭| আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:১৭
অ- অ+

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব অপেক্ষাকৃত জুনিয়র এক কূটনীতিককে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। এ সিদ্ধান্তের প্রতিবাদে ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং নিউইয়র্ক ছাড়ার অনুমতি চেয়েছেন তিনি।

গত ১২ নভেম্বর পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে নিজের আপত্তির কথা জানান ওয়াহিদুজ্জামান। তার অভিযোগ, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে তার পরিবর্তে দ্বিতীয় উপস্থায়ী স্থায়ী প্রতিনিধি শানচিতা হককে ভারপ্রাপ্ত কর্মকর্তা (চার্জ দ্য অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত সরকারি চাকরিবিধির পরিপন্থী বলে মনে হচ্ছে।

ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, চিঠিতে এ সিদ্ধান্তের কারণে নিজের মধ্যে ‘যথেষ্ট পেশাগত উদ্বেগ’ তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন ওয়াহিদুজ্জামান। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নৈমিত্তিক ছুটি এবং কর্মস্থল ত্যাগের অনুমতি চেয়েছেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইরিন জুবাইদা খান চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা উন্নয়নবিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে যাচ্ছেন। তার অনুপস্থিতির সময়ের সঙ্গে মিল রেখেই ছুটির আবেদন করেছেন ওয়াহিদুজ্জামান।

চিঠিতে ওয়াহিদুজ্জামান জানান, গত ১৫ জুলাই ২০২৬ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেওয়ার পর থেকে তিনি প্রথম উপস্থায়ী স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তার পূর্বসূরি সালাহউদ্দিন নোমান চৌধুরী গত আগস্টে নিউইয়র্ক ছেড়ে যাওয়ার সময় তিনি ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেছিলেন।

তবে গত ১২ নভেম্বর বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জারি করা একটি নোট ভারবালের মাধ্যমে অন্যান্য দেশের কূটনৈতিক মিশনগুলোকে জানানো হয়, স্থায়ী প্রতিনিধি ইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে শানচিতা হক ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়ে ওয়াহিদুজ্জামান তার ছুটির আবেদনের অনুলিপি জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছেও পাঠিয়েছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: নিউ এজ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের
ঢাকার চারপাশের নদী ঘিরে বড় পরিকল্পনা সরকারের, জানালেন নৌপরিবহন মন্ত্রী
ডিসেম্বরের জন্য কেউ অপেক্ষা করছেন কি না, সচিবদের কাছে নাসিমুল গণির প্রশ্ন
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী