শফিকুল আলম

‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৬
অ- অ+

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন অবস্থান নিয়ে কটাক্ষ করে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘দ্য ডেইলি ওয়াদার’ এর সম্পাদক শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই। ভারত চাইলে তাকে স্থলবন্দর দিয়ে অথবা সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে ‘পুশ-ইন’ করতে পারে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কারও নাম না উল্লেখ করে এ মন্তব্য করেন শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়ছে একটা খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মিলিটারি এয়ারক্রাফট (সামরিক বিমান) পাঠিয়ে দেশে নিয়ে আসবে!! মামাবাড়ির আবদার!! পারলে দিল্লি ওরে ল্যান্ডপোর্ট (স্থলবন্দর) দিয়া পাঠাইয়া দিক, নতুবা বর্ডারের কাঁটাতারের বেড়া দিয়া পুশ-ইন করুক!!’

শফিকুল আলমের এ মন্তব্য এসেছে মূলত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন অবস্থান নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন প্রকাশের পর। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে দুটি শর্ত সামনে এনেছে নয়াদিল্লি।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হলো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়া এবং তার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। এ জন্য তাকে সামরিক বিমানে ফেরত পাঠাতে চায় ভারত। বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিমান পাঠাতে হবে। তবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থান থেকেও বাংলাদেশি সেনাসদস্যরা তাকে গ্রহণ করতে পারেন।

দ্বিতীয় শর্ত হলো, দেশে ফেরার পর জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে নয়াদিল্লির জন্য বিব্রতকর হয়ে উঠছে। তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন তার ফেরার সম্ভাব্য পথ হিসেবে দেখছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।

চলতি বছর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
জুনিয়রকে দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ জ্যেষ্ঠ কূটনীতিক, নিউইয়র্ক ছাড়তে চান ওয়াহিদুজ্জামান
শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের
ঢাকার চারপাশের নদী ঘিরে বড় পরিকল্পনা সরকারের, জানালেন নৌপরিবহন মন্ত্রী