আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বাড়ছে বহু রোগের ঝুঁকি, সচেতনতায় প্রতিরোধ সম্ভব ৭০ শতাংশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬
অ- অ+

ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিজঅর্ডার বা বিপাকজনিত রোগ। খাবার গ্রহণের পর শরীরের প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়) থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, যা রক্তের অতিরিক্ত গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। যখন শরীরে ইনসুলিনের উৎপাদন কমে যায় বা উৎপাদিত ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস দেখা দেয়। ডায়াবেটিস মূলত দুই ধরনের—টাইপ-১ ও টাইপ-২।

আজ ১৪ নভেম্বর, সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

ডায়াবেটিস রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে—বারবার প্রস্রাবের বেগ, অত্যধিক পানির তৃষ্ণা, হঠাৎ ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ক্লান্তি ও ক্ষুধা লাগা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ক্ষত সহজে না শুকানো, বারবার সংক্রমণ এবং হাত-পা অসাড় হয়ে যাওয়া।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিস রোগী রয়েছেন, যার অর্ধেকই নারী। আশঙ্কার বিষয় হলো, আক্রান্তদের প্রায় অর্ধেকই জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। অথচ সচেতনতা এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ৭০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

দিবসটি উপলক্ষ্যে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারা জীবন সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করা সম্ভব। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ভয়াবহ জটিলতা

চিকিৎসকদের তথ্যমতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হতে শুরু করে। পরিসংখ্যানে দেখা গেছে, ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ হৃদ্রোগে, ৩৪ শতাংশ কিডনি রোগে এবং ৩০ থেকে ৩৬ শতাংশ স্নায়ুরোগে আক্রান্ত হন। এ ছাড়া ৩৪ শতাংশ রোগী দৃষ্টি হারানোর এবং ২৫ শতাংশ রেটিনোপ্যাথির ঝুঁকিতে থাকেন। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. সাহেলা নাসরিন জানান, ডায়াবেটিস থাকলে হৃদ্রোগের ঝুঁকি দ্বিগুণ এবং স্ট্রোকের ঝুঁকি ৪০ শতাংশ বেড়ে যায়। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে প্রচুর রোগী হৃদরোগের চিকিৎসা নিতে আসছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন ডায়াবেটিসকে একটি মহামারি হিসেবে চিহ্নিত করেছে। মানুষের জীবনযাপনের ধরন বদলে যাওয়ায় এবং ফাস্টফুডে আসক্তি বাড়ায় বড়দের পাশাপাশি শিশুরাও ঝুঁকিতে পড়ছে। তিনি টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জীবন বাঁচাতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ইনসুলিন সরবরাহের দাবি জানান এবং উপসর্গ দেখা দেওয়ার আগেই নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেন।

পুষ্টিবিদ ও চিকিৎসকরা জানান, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার পরিহার, নিয়মিত শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণে রাখলে টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। এ ছাড়া বছরে অন্তত দুবার ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ২০৩০ সালের মধ্যে পাঁচটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে—৮০ শতাংশ রোগীকে রোগনির্ণয়ের আওতায় আনা, ৮০ শতাংশের রক্তশর্করা ও রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা, চল্লিশোর্ধ্ব ৬০ শতাংশ রোগীর ‘স্টাটিন’ ওষুধ প্রাপ্তি নিশ্চিত করা এবং শতভাগ টাইপ-১ রোগীর কাছে ইনসুলিন পৌঁছে দেওয়া।

দিনের কর্মসূচি ও বিনামূল্যে সেবা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল সাড়ে ৮টায় শাহবাগস্থ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের প্রশ্নোত্তর পর্ব এবং দুপুর সাড়ে ১২টায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিআইএইচএস ও এনএইচএন-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বারডেমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প চলবে। পাশাপাশি সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যা প্রকাশ ও গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
চট্টগ্রামে একই ঘরে মিলল যমজ শিশু ও বাবার লাশ
পূজিবাজারে আবুল খায়ের হিরুর পক্ষে বিরাট সুখবর, সচল হলো জব্দ বিও হিসাব
সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী