খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক সমাজের পক্ষে এ তথ্য জানিয়েছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার আশা করছেন আয়োজকেরা। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
স্মরণসভা উপলক্ষে প্রকাশিতব্য স্মারকগ্রন্থে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে খালেদা জিয়ার নেতৃত্ব, গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তার ভূমিকা নিয়ে লেখা পাঠানো যাবে। এ ছাড়া অর্থনৈতিক দর্শন, স্বনির্ভর বাংলাদেশ গঠন, নির্বাচন, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, সুশাসন এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়েও লেখার সুযোগ রয়েছে।
লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখাটি মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। লেখকেরা নির্ধারিত বিষয়গুলোর আলোকে নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরতে পারবেন। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।
আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইলে লেখা পাঠাতে বলা হয়েছে।
এ ছাড়া খালেদা জিয়ার কর্মময় ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অবদান নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












