গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৪১
অ- অ+

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির মারা গেছেন। শুক্রবার দুপুরে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে দূরপাল্লার একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা দ্রুতগতির কয়েকটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে একটির পর একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে চারটি বাস, দুটি প্রাইভেট কার, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন বিএনপি নেতা ইলিয়াস ফকির। স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তার নিজের গাড়িও রয়েছে। তবে সংসদ সদস্য অক্ষত ও সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত শতাধিক যাত্রীর মধ্যে গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
বাস-ট্রাকে অগ্নিসংযোগের প্রতিবাদে গাবতলীতে সাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল