বাস-ট্রাকে অগ্নিসংযোগের প্রতিবাদে গাবতলীতে সাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রাকে অগ্নিসংযোগ, হত্যা ও সহিংসতার প্রতিবাদে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহন মালিক-শ্রমিকেরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা এস এস সিদ্দিক সাজু।
শুক্রবার মিরপুর আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. হানিফ।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এস এস সিদ্দিক সাজু বলেন, ‘গাবতলীর রাজপথে কোনো ধরনের নৈরাজ্য হতে দেব না। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
তিনি বলেন, বাস-ট্রাকে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনার বিরুদ্ধে পরিবহন মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরসহ বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিক্ষোভ মিছিলটি গাবতলী বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












