গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে শত শত শ্রমিক কারখানায় কাজে যোগ না দিয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রমিকরা কর্মস্থলে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












