শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মচারীরা।
হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নৌরুটের দুই পাড়ে আটকা পড়েছেন যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন। এতে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
এর আগে শুক্রবার শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান।
এ সময় ১১ বছর বয়সী তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় আরও এক শিশু।
দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান এর চালক। বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে নৌপুলিশ।
এদিকে দুর্ঘটনার ঘটনায় ফেরির মাস্টারকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ফেরির চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা শনিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখেন। ফলে গুরুত্বপূর্ণ এ নৌরুটে পারাপার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কর্মচারীরা ধর্মঘট পালন করছেন।
(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













