দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় মাত্রার প্রায় আট গুণ বেশি সিসার উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতু এবং ই-কোলাই ও সালমোনেলার মতো জীবাণুও শনাক্ত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সাম্প্রতিক পরীক্ষায় খাদ্যদূষণের এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব ক্ষতিকর উপাদান শরীরে প্রবেশ করলে দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার, হৃদ্যন্ত্র ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশে সিসার প্রভাব মারাত্মক হতে পারে।
পরীক্ষায় মিলেছে বিপজ্জনক মাত্রার ভারী ধাতু
বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে ঢাকাসহ দেশের ১৯টি জেলা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা প্রতি মিলিয়নে ০.৩ ভাগ (পিপিএম) হলেও পরীক্ষিত নমুনায় এর পরিমাণ পাওয়া গেছে ১.১৬ থেকে ২.৩৭ পিপিএম পর্যন্ত। অর্থাৎ কোনো কোনো নমুনায় সহনীয় মাত্রার প্রায় আট গুণ সিসা রয়েছে। পাশাপাশি ক্যাডমিয়ামের উপস্থিতিও পাওয়া গেছে ০.৩৩ পিপিএম।
বিএফএসএর আরেকটি পৃথক গবেষণায় লালশাকে প্রতি কেজিতে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে। অথচ সহনীয় সর্বোচ্চ মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। বেগুন, ঢেঁড়স, টমেটো, আলু, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতেও সহনীয় মাত্রার বেশি ভারী ধাতু শনাক্ত হয়েছে। এসব সবজির মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা সবচেয়ে বেশি।
এ ছাড়া সাম্প্রতিক এক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বেগুন এবং জমির মাটিতে সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের আধিক্য পাওয়া গেছে।
কীটনাশক দেওয়ার পরদিনই বাজারে সবজি
শুধু ভারী ধাতু নয়, ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারও জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের বিভিন্ন সবজিক্ষেতে কৃষকদের একটি বড় অংশ কোনো ধরনের সুরক্ষাসামগ্রী ছাড়াই কীটনাশক প্রয়োগ করছেন। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই ফসল তুলে বাজারে পাঠানো হচ্ছে।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকার কৃষক আব্দুর রাজ্জাক জানান, পোকামাকড়ের আক্রমণ বেশি হলে সপ্তাহে দুই দফা কীটনাশক প্রয়োগ করতে হয়। কীটনাশকের মোড়কে প্রয়োগের পর ৭ থেকে ১৪ দিন পর্যন্ত ফসল না তোলার নির্দেশনা থাকলেও বাজারদর ভালো থাকলে অনেক সময় মাত্র এক দিন পরই সবজি তুলে ঢাকায় পাঠানো হয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাতেও একই চিত্র দেখা গেছে। সেখানকার কৃষক খালেদুল ও হামিদুর রহমান জানান, ফুলকপি, বেগুন ও ঢেঁড়সের মতো আগাম শীতকালীন সবজিতে সপ্তাহে এক থেকে দুবার কীটনাশক প্রয়োগ করা হয়। এরপর মাত্র দু-এক দিনের মধ্যেই এসব সবজি বাজারে পাঠানো হচ্ছে।
উৎপাদন খরচ কমাতে অনেক কৃষক কম দামের নিম্নমানের বালাইনাশক ব্যবহার করছেন। স্থানীয় এক বিক্রেতার ভাষ্য, ভালো ব্র্যান্ডের তুলনায় নামসর্বস্ব কোম্পানির সস্তা বালাইনাশকে মুনাফা বেশি। পাশাপাশি কৃষকদের চাহিদা থাকায় এসব পণ্যের বিক্রি বন্ধ করা কঠিন হয়ে পড়েছে।
কৃষকদের সচেতনতা ও নজরদারি বাড়ানোর পরামর্শ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজারের সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় রয়েছে।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, পুরোনো ও বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকরা এগুলো বেশি ব্যবহার করেন। আধুনিক ও কম ক্ষতিকর বিকল্প বালাইনাশকে সরকারি ভর্তুকি দেওয়া গেলে কৃষকদের এসব পণ্য ব্যবহারে আগ্রহ বাড়বে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন বলেন, কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অধিকাংশ কৃষক মানেন না। ফলে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন জটিল রোগের ঝুঁকিতে পড়ছেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, গ্রাম ও উপজেলা পর্যায়ে নিয়মিত তদারকির জন্য তাদের পর্যাপ্ত জনবল নেই। এ দায়িত্ব মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট কোনো সবজি খাওয়া বন্ধ না করে উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষকদের সচেতনতা বাড়ানো, নিরাপদ বালাইনাশকের ব্যবহার এবং খাদ্যপণ্যের নিয়মিত পরীক্ষা জোরদার করা জরুরি।
(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













