কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯
অ- অ+

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কয়েক ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। টেলিযোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার পর শুক্রবার (১৩ নভেম্বর) আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়। এ ঘটনায় প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি এ বিপর্যয়ের জন্য পুরোনো হার্ডওয়্যার বা যন্ত্রাংশের ত্রুটিকে দায়ী করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলা কিংবা মাইক্রোসফটের বড় ধরনের কারিগরি বিভ্রাটের সম্পর্ক পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কথা জানিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয়। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় পৃথক সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় সংস্থাটি।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্তের কারণে প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। অন্যদিকে ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের উদ্দেশে আকাশে ছিল ৪ হাজার ৪২টি উড়োজাহাজ।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি বলেন, ‘সবাই নিরাপদে আছেন। সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে আমাদের তথ্য রয়েছে। এটি আরেকটি ৯/১১ নয়।’

বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

উড়োজাহাজ নিয়ন্ত্রকদের সহায়তায় চালুর পরিকল্পনা থাকা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির কারণে এ সমস্যা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মুলিন বলেন, তদন্তের এ পর্যায়ে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, এফবিআইয়ের প্রাথমিক ধারণা অনুযায়ী, সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এ বিভ্রাট ঘটেনি। সফটওয়্যার আপডেটের কারণে সমস্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনো বিভ্রাটের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটিক সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশপথের নিরাপত্তা একাধিক বিকল্প ব্যবস্থার ওপর নির্ভরশীল। দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের পেছনে যে কারণই থাকুক, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এ বিষয়ে এফএএর কাছে জবাবদিহি চাওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরেই নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। পুরোনো অবকাঠামো, যন্ত্রপাতির ত্রুটি, যোগাযোগব্যবস্থায় বিঘ্ন এবং পর্যাপ্ত উড়োজাহাজ নিয়ন্ত্রকের অভাব নিয়ে চাপের মধ্যে রয়েছে এফএএ।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বাড়ছে বহু রোগের ঝুঁকি, সচেতনতায় প্রতিরোধ সম্ভব ৭০ শতাংশ
কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
চট্টগ্রামে একই ঘরে মিলল যমজ শিশু ও বাবার লাশ
পূজিবাজারে আবুল খায়ের হিরুর পক্ষে বিরাট সুখবর, সচল হলো জব্দ বিও হিসাব