৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ‘ফেরি কাকলী’র প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা কর্মবিরতি ৫ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এরপরই গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ‘ফেরি কাকলী’র সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দিলে তরিকুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়।
অন্যায়ভাবে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তার মুক্তির দাবিতে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। ভোর থেকে টানা ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ‘আমাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যেই গ্রেপ্তারকৃত মাস্টারকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তাঁর এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের মতো কর্মবিরতি প্রত্যাহার করেছি। তবে দাবি পূরণ না হলে আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করা হবে।’ বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। বেলা ১১টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হতে শুরু করেছে।
(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












