ঢাবিতে নিরাপত্তা জোরদার, স্টিকার ছাড়া চলবে না মোটরসাইকেল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৪:০০
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীল পরিস্থিতির জেরে নিরাপত্তা নিশ্চিতে বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে প্রক্টর অফিস থেকে নির্ধারিত নিরাপত্তা স্টিকার সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব কঠোর নির্দেশনা দেওয়া হয়।

প্রক্টর অফিসের প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সব বহিরাগত যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে জরুরি ও বিশেষ প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার ডেলিভারি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি বা যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে প্রক্টর অফিস থেকে মোটরসাইকেলের জন্য বিশেষ নিরাপত্তা স্টিকার সরবরাহ করা হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ বিভাগ বা অফিসপ্রধানের সুপারিশসহ প্রক্টর বরাবর আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের স্টিকার ছাড়া ক্যাম্পাসে সব ধরনের মোটরসাইকেলের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন ক্যাম্পাসে সার্বক্ষণিক টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপনের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বীকৃতি পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
১৫০ বছর বাঁচতে চান পুতিন, গবেষণায় নামানো হলো ৭ হাজার বানর!
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
খিলক্ষেতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার