রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে ঢাকা টাইমসের সাংবাদিকের ওপর হামলা ও হত্যা চেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৬
অ- অ+

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশন ও ঢাকা টাইমসের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান বিল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ ৭ নম্বর লেনের কাছে অবস্থিত পটুয়াখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি স্পিডবোটে করে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোড়ালিয়া-বোয়ালিয়া ও খালগোড়া-গলাচিপা নৌপথে চলাচলকারী স্পিডবোটে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার না করা, সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে শনিবার গলাচিপার বোয়ালিয়া থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোটের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের।

এ সময় স্পিডবোটে থাকা আমিনুর রহমান বিল্লাহ প্রথমে ভিডিও ধারণে বাঁধা দেন। পরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সাংবাদিক আবু তাহেরের ওপর চড়াও হন। ঘটনার ভিডিওতে সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে দেখা যায়। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেওয়ার দৃশ্যও ভিডিওতে রয়েছে।

সাংবাদিক আবু তাহেরের অভিযোগ, স্পিডবোট কর্তৃপক্ষের পক্ষে অবস্থান নিয়ে আমিনুর তাকে ভিডিও ধারণের কারণ জানতে চান। নিজের সাংবাদিক পরিচয় দিয়ে ঢাকা টাইমসের প্রতিনিধি বলার পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে তার মুখমণ্ডল, মাথা এবং কপালে একের পর এক কিল-ঘুষি মারেন। এমনকি চলন্ত স্পিডবোট থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাকে তুলে নেয়ার জন্য স্পিডবোট বোয়ালিয়া ঘাটে ফিরিয়ে নিতে চালককে নির্দেশ দেন । এ ছাড়া ঘটনার ভিডিও মুছে ফেলার উদ্দেশ্যে তার হাতে থাকা মোবাইল ফোনটি টেনেহিঁচড়ে কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

হামলার অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর মুঠোফোনে কল করা হলে তিনি জানান, ‘এগুলোর কোনো বাস্তবতা আছে? একটু আগে আমি গলাচিপা এসেছি। কালকে আপনি সামনাসামনি এসে কথা বলেন।’ এ কথা বলে তিনি ফোনে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু না বলে প্রসঙ্গটি এড়িয়ে যান।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের হামলার শিকার হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।’

এদিকে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

(ঢাকা টাইমস/১৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক
বগুড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি স্বর্ণ লুটের দাবি
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগ