হাতকড়া-ডান্ডাবেড়ি ছাড়া আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভ লুনার

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
সংসদে লুনা বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান কারাগারে রয়েছেন এবং তাঁর বিচার চলমান। গত বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়ার সময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দ ভ্রমণে বের হয়েছেন এবং পুলিশ তাকে প্রটোকল দিচ্ছে। এমন একজন আসামিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া এভাবে আদালতে নেওয়ার ঘটনা তাদের মর্মাহত করেছে।
লুনা আরও বলেন, তার মতো অনেক পরিবার এ ঘটনায় উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না—এমন প্রশ্নও তোলেন তিনি।
পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারভুক্ত নয়। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
গুম-খুনের প্রতিটি ঘটনার বিচার হবে
আসাদুজ্জামান বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে যত গুম, খুন ও গায়েবি মামলা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যত মানুষ নিহত, পঙ্গু হয়েছেন কিংবা চোখ, হাত ও অন্যান্য অঙ্গ হারিয়েছেন, প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে।
তিনি বলেন, এ বিষয়ে সরকারের অঙ্গীকার সংসদে পুনর্ব্যক্ত করা হচ্ছে।
আইনমন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে বলেছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল পাঠানো হবে।
এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত কর্মকর্তারা বিভিন্ন জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে তাদের সহযোগিতা করতে হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












