এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল সোমবার প্রতিবেদন জমা দেবে। তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য সরকারের ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে সংসদে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত বা সিদ্ধান্তমূলক বক্তব্য দেননি। বরং প্রাথমিক তথ্যের ভিত্তিতে একটি তথ্যবহুল বক্তব্য দিয়েছিলেন। তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন বিষয়টি সংসদে উত্থাপিত হলে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, ঘটনার দিন সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে রাখা হয়েছে।
তদন্ত কমিটিকে শুক্রবার ও শনিবারসহ তিন দিন সময় দেওয়া হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার কমিটির তদন্তের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার তারা প্রতিবেদন জমা দেবে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্মকর্তারা পেট্রোল বোমার কোনো আলামত পাননি। শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে সেটি চূড়ান্ত কোনো বক্তব্য ছিল না। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
ঘটনার ভিডিও ফুটেজ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য। পাশাপাশি একটি গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কেউ বের হননি, এমন কথাও তিনি বলেননি। পরে তিনি নিজেও ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে এক নারীকে শিশুসন্তান কোলে নিয়ে বের হতে দেখা গেছে। এসব বিষয় তদন্তের আওতায় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে। টেলিফোনে হুমকির ঘটনায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ কিংবা জানমালের ওপর হামলার ঘটনা অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতেই পারে। এটি কোনো অসংসদীয় বক্তব্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












